সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে সাপুড়ের মৃত্যু

নতুন সাপকে খেলার প্রশিক্ষণ দেওয়ার সময় সেই সাপের দংশনে আজাদুল ইসলাম ঘুটু (৩১) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া এলাকায়।
নিহত আজাদুল ইসলাম ঘুটু ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম।
তিনি বলেন, আজ স্থানীয় একটি বাজারে এই সাপটি দিয়ে খেলা দেখানোর পরিকল্পনা ছিল সাপুড়ে ঘুটুর। এর আগে সোমবার মধ্যরাতে ওই সাপুড়েকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
স্থানীয়রা জানান, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করে আসছিল। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতো। আজ মঙ্গলবার বিকেলে শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে আয়োজিত পাতা খেলা উপলক্ষে সোমবার কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনে আজাদুল ইসলাম ঘুটু। পরে ওই সাপটিকে প্রদর্শনের জন্য খেলার প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রশিক্ষণের একপর্যায়ে সাপটি হঠাৎ তাকে দংশন করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে এই বিষ নামানোর জন্য পার্শ্ববর্তী জয়পুর হাটের কালাইয়ের শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে দ্রুত রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সাপে কাটা ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। সাপে কামড়ের রোগীকে দংশনের সাথে সাথেই ওঝার কাছে না নিয়ে হাসপাতালে নেওয়া উচিত।





