জয়পুরহাটে ব্র্যাকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন

আপডেট: September 9, 2026 |
print news

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পাইকরবাড়িয়া গ্রামে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির আওতায় গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান এবং কম্বাইন্ড ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জোবায়ের মোঃ আল-ফয়সাল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পাইকরবাড়িয়া গ্রামে আয়োজিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গর্ভবতী মা ও শিশুদের দেওয়া বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় স্বাস্থ্যসেবা গ্রহণে আসা উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্যকর্মীদের সেবাদানের পদ্ধতি, উপকারভোগীদের উপস্থিতি, স্বাস্থ্যসেবার মান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পাশাপাশি গর্ভবতী মা ও শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি ব্র্যাকের চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক দেখে সন্তোষ প্রকাশ করেন। সাধারণ মানুষের, বিশেষ করে প্রত্যন্ত এলাকার গর্ভবতী মা ও শিশুদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

পরিদর্শন শেষে ডা. জোবায়ের মোঃ আল-ফয়সাল ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির চলমান কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখার পরামর্শ দেন।

একই সঙ্গে সরকারি স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে আরও সহজে ও কার্যকরভাবে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাঃ নির্ঝর মন্ডল, এমওসিএস এবং ডাঃ শোভন, মেডিকেল অফিসার। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম (বিডিসি) এবং প্রোগ্রাম অর্গানাইজার (বিএইচপি) মোহাম্মদ নাঈম।

স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প ও মাঠপর্যায়ের সেবা কার্যক্রম অব্যাহত থাকলে প্রত্যন্ত অঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

Share Now

এই বিভাগের আরও খবর