ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় রুবেল ইসলাম ওরফে রুবেল (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলী মনসুর আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ।
দণ্ড পাওয়া রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (২৫) উপজেলার খড়িবাড়ি বদেশ্বরী গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে জানা যায়, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে নেওয়া হয়।
এরপর তাকে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। পরদিন দুপুরে ইজিবাইকে করে ওই স্কুলছাত্রীকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যান রুবেল ইসলাম।
পরে বাড়ির লোকজন স্কুলছাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ওইদিনই মেয়েটির বাবা বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেলের বিরুদ্ধে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের (পিপি) বদিউজ্জামান চৌধুরী বাদল বলেন, সাত বছর পর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি আরও ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।












