শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবায় জাবির প্রীতিলতা হলের ব্যতিক্রমী উদ্যোগ 

আপডেট: September 17, 2026 |
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি : প্রীতিলতা হলের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে হল প্রশাসন এবং হল সংসদের উদ্যোগে চলছে মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কাউন্সেলিং সেবা।

চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হয় এই মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়ান টু ওয়ান কাউন্সেলিং সেবা। সপ্তাহে দুদিন শিক্ষার্থীদের এই সেবা প্রদান করেন অভিজ্ঞ সাইকোলজিস্ট মরিয়ম পারভীন যিনি বর্তমানে সাভার ক্যান্টনমেন্ট এর সাইকোলজিস্ট হিসেবে কর্মরত আছেন।

প্রতি শনি ও বুধবার বিকেল ৫:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীদের নিয়ে চলে মানসিক স্বাস্থ্য বিষয়ক কাউন্সেলিং।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ পর্যন্ত মোট রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ১০২ জন এবং সেবা নিয়েছেন ৮৬ জন। এই ব্যতিক্রমী আয়োজন প্রীতিলতা হলে ব্যপক সাড়া ফেলেছে যা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এর আয়োজকবৃন্দ।

এ ব্যাপারে প্রীতিলতা হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা বলেন, “শিক্ষার্থীদের মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে হলে কাউন্সেলিং সেবা চালু করা হয়েছে। একজন স্বাস্থ্য সম্পাদক হিসেবে বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

শিক্ষার্থীরা এই সেবা নিতে আগ্রহ দেখাচ্ছেন, এতে আমি আনন্দিত। শুধু আমাদের হলেই নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতেও এ ধরনের সেবা চালু করা প্রয়োজন বলে আমি মনে করি।”

Share Now

এই বিভাগের আরও খবর