মান্দায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

আপডেট: October 14, 2026 |
print news

আকতারুজ্জামান নাইম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় মান্দা উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক এবং কাশোঁপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য, উপকারভোগী পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহের গুরুত্ব এবং এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি সাধারণ ও প্রান্তিক পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে প্রকৃত উপকারভোগী পরিবারগুলো কার্যক্রমের আওতায় আসতে পারে।

Share Now