রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জেলেনস্কির

পূর্ণমাত্রায় আগ্রাসনের জবাবে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার সমর্থনে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৭ অক্টোবর) এই আহ্বানের কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মাধ্যমে মস্কোর ওপর আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার প্যাকেজটি স্থগিত করা হয়েছে।
হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন শীতকাল এগিয়ে আসায় কিয়েভ মস্কোর অব্যাহত হামলার মুখে আরও অরক্ষিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে। জেলেনস্কি ট্রাম্পের এই নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তিনি সরাসরি মার্কিন নেতাকে সমালোচনা করা থেকে বিরত থেকেছেন।
জেলেনস্কি লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমেরিকায় এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে ‘লিন্ডসে গ্রাহাম অ্যাক্ট’-কে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। অথচ এই আইনটি কার্যকর করা হলে তা রাশিয়ার ওপর সত্যিকারের কার্যকর চাপ সৃষ্টি করতে পারত, যা যুদ্ধ অবসানে সহায়তা করত।
তিনি নতুন নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করার আশাও প্রকাশ করেছেন। তিনি বলেন, এই আইনটি অত্যন্ত সহায়ক হতে পারত এবং এখনও হতে পারে। তবে এর জন্য আইনটিকে কার্যকর হতে হবে, আর এর সমর্থনে প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ।
কিয়েভের দাবি, মস্কো জ্বালানি অবকাঠামোয় ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। জেলেনস্কি আরও জানিয়েছেন, মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় একটি বড় ধরনের হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল সারাদেশে ছড়িয়ে থাকা ১৫টিরও বেশি স্থাপনা।
তিনি বলেন, রাশিয়ার হামলার ব্যাপকতা এবং অবিরাম গতি আমাদের জ্বালানি খাতের ওপর দুর্ভাগ্যজনকভাবে মারাত্মক পরিণতি ডেকে আনছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রুশ বাহিনী গত রাতে চারটি ক্রুজ মিসাইল এবং ৩৩২টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে সবকটি মিসাইল এবং ২৮৯টি ড্রোনকে প্রতিহত বা ধ্বংস করা সম্ভব হয়েছে।
শীতের আগে রাশিয়ার বিদ্যুৎ গ্রিডের ওপর এই তীব্র বোমাবর্ষণ যুদ্ধের একটি বার্ষিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, সাধারণ নাগরিকদের উষ্ণতা ও পানি সরবরাহ থেকে বঞ্চিত করে ইউক্রেনের লড়াই চালিয়ে যাওয়ার মনোবল ভেঙে দেওয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা সতর্ক করেছেন, রাশিয়া আগামী মাসগুলোতে আরও বড় হামলার জন্য ব্যালিস্টিক মিসাইল মজুদ করছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।







