ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুকিপূর্ণ, মাঠে এসআরবি

আপডেট: October 28, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাষ্ট্রপতির ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল।

উপনির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক ঝুকিপূর্ণ এবং বাকি ৭০টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ৬ লটি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ টহল দলের পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর-১৩ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনী নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ অক্টোবর থেকে এসআরবি-১৩ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নির্বাচনের দিন ও পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। ভোটের আগে, ভোটগ্রহণের দিন এবং ভোট-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারে ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল মাঠে থাকবে।

পাশাপাশি নাশকতা বা বিস্ফোরকসংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এসব দলের মাধ্যমে নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

received 1084332704427471

নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দিচ্ছে এসআরবি-১৩। নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে।

দায়িত্ব পালনকারী সদস্যদের সঙ্গে থাকবে বডি ওর্ন ক্যামেরা। এর মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহায়তা পাওয়া যাবে।

এ ছাড়া নির্বাচনী নিরাপত্তার সার্বিক কার্যক্রম সমন্বয়ে চালু করা হয়েছে অপারেশনস কন্ট্রোল রুম। পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য ব্যবহার করা হবে নির্বাচন সুরক্ষা অ্যাপ।

এসব ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বাহিনীটির।

সংবাদ সম্মেলনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপতথ্য ও উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে যেকোনো তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়।

সাংবাদিকদেরও তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ এবং নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এসআরবি-১৩।

তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে দায়িত্ব পালন করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে সংশ্লিষ্ট দলগুলো।

উল্লেখ্য যে, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন, পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। ভোটগ্রহণের জন্য মোট ১৮৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

Share Now