অন্যায় ও আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: ডা. শফিকুর রহমান

ইবি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এ দেশের জনগণ রাজপথে নেমে এসেছে তাদের ছিনিয়ে নেওয়া অধিকার পুনরুদ্ধার করতে।
মহান আল্লাহর ওপর ভরসা রেখে স্পষ্টভাবে বলতে চাই, কোনো অন্যায় কিংবা আধিপত্যবাদের কাছে আমরা মাথা নত করব না। হুমকি-ধমকি দিয়ে এই কাফেলাকে স্তব্ধ করা যাবে না।’
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গত বছরের গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ রায় দিলেও সরকার জাতির সঙ্গে প্রতারণা করে তা মেনে নেয়নি।
তারা গণভোটের রায়কে অবমাননা করেছে। ইতিহাস সাক্ষী, যখনই জনতার রায় অমান্য করা হয়েছে, শাসকদলকে তার কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে।’ তিনি বলেন, জামায়াতের উত্থাপিত দাবিগুলো কোনো একক দলের নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের দাবি।
শিক্ষাঙ্গন ও ছাত্ররাজনীতি প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গণরুম ও গেস্টরুমের অপসংস্কৃতি থেকে মুক্ত করে জ্ঞান ও গবেষণার কেন্দ্রে পরিণত করতে হবে। শিক্ষার্থীরা এমন সুশিক্ষা চায়, যাতে শিক্ষাজীবন শেষে কাউকে বেকার থাকতে না হয় এবং তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি নির্বাচনেই শিক্ষার্থীরা মেধা ও সুশিক্ষার পক্ষে রায় দিয়ে ইসলামী ছাত্রশিবিরকে বিপুল ভোটে বিজয়ী করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে একই প্রতিফলন ঘটত বলে মন্তব্য করেন তিনি।
লংমার্চে লাখো মানুষের উষ্ণ অভ্যর্থনা ও গভীর রাত পর্যন্ত অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমীর। একই সঙ্গে অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।




