নানা আয়োজনে জয়পুরহাটে জাতীয় যুব দিবস পালিত

আপডেট: November 3, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজকে স্বাবলম্বী করার প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ, যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী, যুব মেলা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আযিযুল হাকিম, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে হবে। যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়।

Share Now