ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে মতবিনিময় সভা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের নির্দেশে এবং দিবস পালন উপলক্ষে গঠিত কমিটির আহ্বায়ক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এমতাজ হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস), ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ও দিবসটি পালন কমিটির সদস্য-সচিব মো. সাহেদ হাসান।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় , সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটির কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপস্থিত সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত প্রদান করেন।
সভায় দিবসটির কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
