পোশাক শ্রমিকদের দাবির প্রতি ইবি ছাত্র ইউনিয়নের সংহতি

ইবি প্রতিনিধি: পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং শ্রমিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।
সোমবার (২ নভেম্বর) সংগঠনটির সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব এক যৌথ বিবৃতির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁদের হামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
তাঁরা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে বলপ্রয়োগ ও দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে তাঁরা শ্রমিকদের ওপর সব ধরনের হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করে তাঁদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
