শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই, দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

আপডেট: November 10, 2026 |
Untitled 20
print news

বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ছাড়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বাইরে বিকল্প আর কোনো কিছু নেই বলে মন্তব্য করেছেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করতে পারবে না বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং সাজা কমপক্ষে দুই বছর হলে তাকে পাসপোর্ট ইস্যু করতে পারে না পাসপোর্ট কর্তৃপক্ষ। একইভাবে ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। এ কারণে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট আইনের ৬-এর এ, বি, সি ও ই উপধারা সম্মিলিতভাবে বিবেচনা করলে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।

তিনি বলেন, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা বলা হয়েছে। তবে এই অধিকার কোনো দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিজের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলাকালে এড়িয়ে গেছেন শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রমও নেওয়া হয়েছে। পত্রিকায়ও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ই উপধারা অনুযায়ী কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেলে বা পলাতক থাকলে পাসপোর্ট দেওয়া যাবে না। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই।

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতীয় দূতাবাসে পাসপোর্টের আবেদন করার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, পাসপোর্টের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। শেখ হাসিনা নিজে বা তার দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার। ভারতে বসবাসরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী চেম্বার কীভাবে আবেদন করছে, সে বিষয়ে তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে, এর কপি প্রকাশ করা হয়নি। ক্লায়েন্টের সঙ্গে চুক্তি না থাকলে ওই চেম্বার কীভাবে তার পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে, তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

আমিনুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকারের প্রণীত আইন। এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। তাই একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের বা সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে বিচারের সঙ্গে এটি রাষ্ট্রের একটি মকারির শামিল হবে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিন পার হলে আর কোনো আপিল করা যাবে না। আইনের এই বিধান বাধ্যতামূলক। নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে আসেননি। রায় প্রকাশের পরও নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। অতএব এ আইনে তার আপিল করার আর কোনো সুযোগ নেই। এমনকি আপিল বিভাগে আপিল গ্রহণ না হলে, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনেও কোনো আবেদন করার সুযোগ থাকবে না। ফলে শেখ হাসিনার বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প কিছু নেই।

Share Now