অপহরণ করে নির্যাতন,জোর করে ভিডিও ধারণের অভিযোগ সাংবাদিকের

আপডেট: November 10, 2026 |
print news

রাজধানীর হাজারীবাগ, লালবাগ ও চকবাজার এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারের একটি চক্র সক্রিয় থাকার অভিযোগ তুলেছেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের গেজেটভুক্ত যোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ রাজেশ গনি।

এ চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জেরে তাকে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক ভিডিও ধারণের শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি ধারণ করা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগও তুলেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রাজেশ গনি। তিনি বৈশাখীনিউজ২৪.নেটের সাংবাদিক ও রিপোর্টার হিসেবে কর্মরত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজেশ গনি বলেন, হাজারীবাগ, লালবাগ ও চকবাজার এলাকায় কথিত সাংবাদিক সোহেল আহমেদ ওরফে সোহেলের বিরুদ্ধে সাংবাদিকতার পরিচয় এবং বিভিন্ন গণমাধ্যমের কার্ড ব্যবহার করে ব্যবসাপ্রতিষ্ঠান, কারখানা, স্ট্যান্ড ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি দাবি করেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাপ্তাহিক দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসিয়ে দেওয়া কিংবা মামলার ভয় দেখানো হতো।

এ চক্রের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের হাজারীবাগ থানা শাখার সাংগঠনিক সম্পাদক রাইজুল ইসলাম রবিন ওরফে টোকাই রবিনসহ কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নিজের ওপর হামলা ও অপহরণের বর্ণনা দিয়ে রাজেশ গনি বলেন, সোহেল আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের পর থেকে তিনি হুমকি পেতে থাকেন। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে একটি ঘটনার কথা বলে তাকে হাজারীবাগে ডেকে নেওয়া হয়।

সেখানে চার-পাঁচটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে তাকে ঘিরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়।

তার অভিযোগ, একপর্যায়ে তাকে বিবস্ত্র ও নাজেহাল অবস্থায় রেখে ভিডিও ধারণ করা হয়। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের শেখানো বক্তব্য দিতেও বাধ্য করা হয়। পরে ওই ঘটনা নিয়ে আইনি পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকারসংবলিত বক্তব্য ধারণ করে তাকে ছেড়ে দেওয়া হয়।

মুক্ত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান রাজেশ গনি।

ভিডিও ধারণের বিষয়টিও থানার ওসিকে অবহিত করেছিলেন বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ঘটনার প্রায় এক মাস পর ধারণ করা ভিডিওর কিছু অংশ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তাকে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি ব্যবহার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে গত ৩০ অক্টোবর বাংলাভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হাজারীবাগের মাদক ব্যবসা নিয়ে একটি প্রতিবেদন নিয়েও আপত্তি জানান রাজেশ গনি।

প্রতিবেদক ফজলে রাব্বির করা ওই প্রতিবেদনে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাজেশ গনির দাবি, প্রতিবেদনে প্রদর্শিত মাদক ব্যবসায়ী সোহেলের সঙ্গে তার কথোপকথনের কল রেকর্ডটি ছিল তৎকালীন সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানের সময়কার।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় ওই ব্যক্তির বাসায় অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অর্থসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় তিনি প্রধান সাক্ষী বলেও দাবি করেন।

প্রতিবেদনে প্রদর্শিত অর্থ লেনদেনের ভিডিও খণ্ডিত ও প্রেক্ষাপটবিহীনভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বাংলাভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনটি নিরপেক্ষভাবে তদন্ত, প্রতিবেদকের ভূমিকা যাচাই এবং তার বক্তব্য প্রচারের দাবি জানান।

প্রতিবেদনটি ভুল প্রমাণিত হলে যথাযথ প্রতিবাদ ও সংশোধনী সংবাদ প্রকাশেরও আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট চক্রের সঙ্গে আমির ওরফে দাড়িওয়ালা আমির বা ভুয়া পুলিশ আমির এবং রাইজুল ইসলাম রবিন ওরফে টোকাই রবিনের নাম উল্লেখ করেন রাজেশ গনি।

তার দাবি, আমিরের বিরুদ্ধে পুলিশ পরিচয় ও ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার এবং আদালতের সাজাসংক্রান্ত নথি রয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট তার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রবিন চার নম্বর আসামি। অপহরণের ঘটনাতেও রবিনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি ও চেহারা বিকৃতভাবে উপস্থাপন এবং সাইবার হয়রানির অভিযোগ তোলেন রাজেশ গনি। এসব ঘটনায় সোহেল আহমেদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে মামলা করেছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কয়েকটি দাবি জানান রাজেশ গনি। এর মধ্যে রয়েছে—তার অপহরণ, নির্যাতন, জোরপূর্বক ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগের সুষ্ঠু তদন্ত; সোহেল আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ যাচাই; হাজারীবাগ থানায় অভিযোগ গ্রহণ ও তদন্তে কোনো অবহেলা বা পক্ষপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখা এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

এ ছাড়া সাইবার হয়রানি ও এআই ব্যবহার করে ছবি বিকৃতির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তার কাছে থাকা ভিডিও, কল রেকর্ড, চিকিৎসাপত্র, জিডি ও মামলাসংক্রান্ত নথি তদন্তের স্বার্থে গ্রহণের দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যের শেষাংশে রাজেশ গনি বলেন, তিনি কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ চান না; বরং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান। ভবিষ্যতে তার বা পরিবারের কোনো সদস্যের ক্ষতি হলে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের

Share Now