ঠাকুরগাঁওয়ে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: November 16, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৩০০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ মো: হুমায়ুন কবির (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

১৫ নভেম্বর (রবিবার) রাতে পুলিশ সুপার বেলাল হোসেন মহোদয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ভুল্লী থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, ডিবি, ঠাকুরগাঁওয়ের নেতৃত্বে ডিবির একটি চৌকস টীম ভুল্লী থানাধীন ৪ নং দেবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খুলিশাকুড়ি (খালিশাকুড়ি) গ্রামস্থ আসামী হুমায়ুন কবিরের বসতবাড়ির বাইরের উঠানে অভিযান চালায়। এ সময় তার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: হুমায়ুন কবির ওই এলাকার মৃত গাজীমদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ঠাকুরগাঁও জেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now