রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

আপডেট: November 17, 2026 |
fgfdfg 25
print news

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গতকাল সোমবার মাত্র এক দিনেই এ মামলার ডেথ রেফারেন্স ও দুই আসামির আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরে।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। ঘটনার পর সোহেল পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ করা হয়।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দুই আসামিও কারাগার থেকে জেল আপিল করেন।

Share Now