ইবিতে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

আপডেট: November 23, 2026 |
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন “যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি”র আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ২০২০-২১, ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রর (টিএসসিসি) করিডোরে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, কলম, চাবির রিং-সহ বিভিন্ন উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি মো. আব্দুল্লাহ আল জুবাইর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসউদ আল মাহদী এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিন। এছাড়াও যশোর জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি মো. আব্দুল্লাহ আল জুবাইর নবীনদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিন অন্তত দুই ঘণ্টা নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে, নোট রাখতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনে যুক্ত হয়ে নেতৃত্ব, যোগাযোগ ও বক্তৃতা দক্ষতা বাড়াতে হবে।

রাজনীতি করা যায়, তবে যেন তা একাডেমিক জীবনে প্রভাব না ফেলে। মাদক, জুয়া ও অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। নামাজ, ঘুম, খাওয়া-দাওয়া নিয়মমতো করে সুস্থ থাকতে হবে। মেয়েদের সাবধানে চলাফেরা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে বলা হয়।

হলে থাকা সবচেয়ে নিরাপদ, তাই দ্রুত হলে উঠতে পরামর্শ দেন। বিভাগীয় বা ব্যাচের সমস্যা সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, আলোচনা বা শিক্ষকদের মাধ্যমে সমাধানের পরামর্শ দেন।

ভুল থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের জন্য প্রস্তুতি নিতে গবেষণা, সার্টিফিকেট ও শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক রাখার পরামর্শ দেন।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মাসউদ আল মাহদী বলেন, ‘নকশী কাঁথা ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা’— যশোর বাংলাদেশর একটি ঐতিহ্যবাহী জেলা। প্রতিবছর বহু শিক্ষার্থী এই জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পড়তে আসে।

যশোর থেকে আগাত সকল শিক্ষার্থীদের মাঝে একটি সুন্দর মেলবন্ধন তৈরি করে এই জেলা কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়।

যশোরিয়ানদের এই মেলবন্ধন যুগ যুগ ধরে টিকে থাকুক। ইবির মত দেশ-বিদেশে সবখানেই যশোরিয়ানরা ঐক্যবন্ধ হয়ে তাদের সুঘ্রাণ ছড়িয়ে দিক।

উল্লেখ্য, যশোর জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠন।

Share Now