এক বছরে যাদেরকে হারিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার

আপডেট: November 23, 2026 |
print news

ইবি প্রতিনিধি: সাতচল্লিশ পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছে কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে অবস্থিত চার শতাধিক শিক্ষক, আঠারো হাজার শিক্ষার্থীর পরিবার ইসলামী বিশ্ববিদ্যালয়।

১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠালাভ করা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে নিয়েছে যে পরিবারের হাজার হাজার শিক্ষার্থী।

বিভিন্ন সময়ে ঝরে পড়েছে পরিবারের অনেকেই। গত এক বছরে ভর্তি হয়েছে সহস্রাধিক নতুন শিক্ষার্থী, নিয়োগ পেয়েছে ডজনখানেক নতুন শিক্ষক, উন্নয়ন হয়েছে অবকাঠামো। প্রশাসনেও এসেছে রদবদল।

এসবের মাঝেও এক বছরে বিশ্ববিদ্যালয় পরিবার হারিয়েছে এক শিক্ষিকা ও দুই শিক্ষার্থীকে। যাঁদের স্মৃতি অমলিন হয়ে আছে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের মানসপটে।

তাঁরা কেউ এসেছিলেন জ্ঞান অর্জন করতে আবার কেউ এসেছিলেন জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। যাঁদের শূন্যতা আজও ভাবিয়ে তোলে বিশ্ববিদ্যালয় পরিবারের হাজার হাজার সদস্যকে।

শিক্ষিকা আসমা সাদিয়া রুনা: সবচেয়ে মর্মান্তিক ও স্তব্ধ করে দেওয়া ঘটনাটি ঘটে গত ৪ মার্চ। সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনা ছিলেন শিক্ষকতা ও বিভাগীয় দায়িত্বে নিবেদিতপ্রাণ একজন মানুষ। কিন্তু চলতি বছরের ৪ মার্চ নিজ অফিস কক্ষেই এক কর্মচারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। কর্মস্থলের ভেতরে এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ক্যাম্পাস, প্রশ্ন উঠেছিল নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্কের জায়গাগুলো নিয়ে।

শিক্ষার্থী অঙ্কন টুডু: ৩১ জুলাই নিজ বাসায় আত্মহত্যা করেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী অঙ্কন টুডু। আইন ও ভূমি প্রশাসনের জ্ঞান নিয়ে যে তরুণ আগামীর পথে হাঁটছিলেন, তাঁর এই আকস্মিক বিদায় আমাদের সামনে রেখে গেছে কঠিন কিছু প্রশ্ন। সহপাঠী বা কাছের মানুষের ভেতরের যন্ত্রণা আমরা কতটা বুঝতে পারি? শ্রেণিকক্ষে পাশে বসে থাকা মানুষটির নীরবতাকে আমরা কতটা গুরুত্ব দিই? আত্মহত্যা কোনো একক কারণের ফল নয়। তবু সময়মতো একটু মনোযোগ, আন্তরিক একটি বাক্য কিংবা সামান্য সহমর্মিতা অনেক সময় বদলে দিতে পারে একটি জীবনের গতিপথ।

তরিকুল ইসলাম: এর কয়েক মাস পর, ২১ অক্টোবর ক্যাম্পাসে নেমে আসে আরেকটি শোকের ছায়া। কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম হঠাৎ তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান। সংবাদ ও সত্যকে প্রতিনিয়ত দেশের মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যে তরুণ, তিনি নিজেই সেদিন হয়ে গেলেন সংবাদের শিরোনাম। সহপাঠী ও শিক্ষকদের কাছে এই মৃত্যু ছিল অবিশ্বাস্য। প্রাণবন্ত একটি মুখের এমন আকস্মিক অনুপস্থিতি মেনে নেওয়া কঠিন।

এ ছাড়া গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাসের ধাক্কায় প্রাণ হারান আইন বিভাগের শিক্ষার্থী লিখন ইসলামের বাবা মনোয়ার (৪৫)। ছেলের ক্যাম্পাসের গাড়ির চাকায় বাবার এমন মৃত্যু প্রশ্ন তুলেছিল নিরাপত্তা নিয়ে। প্রতিটি মৃত্যুর কারণ ও প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু পরিবারের সদস্য হারিয়ে ব্যথিত হাজারো হৃদয়। বিন্দু বিন্দু জলে যেমন সাগর তৈরি হয়, তেমনি প্রতিটি সদস্যের সামষ্টিক অবদানের সমন্বয়ে গড়ে ওঠে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়। এখানে প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর প্রাণ অমূল্য সম্পদ।

এদিকে গতকাল (২২ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ আয়োজনের সঙ্গে জরুরি কিছু বিষয় স্মরণে রাখার প্রয়োজন বোধ করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এনিয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, “ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং আরও সহজলভ্য করা খুবই জরুরি। যেন কেউ নিজের একাকিত্ব ও কষ্ট নিয়ে নিঃসঙ্গ না থাকেন, একই সঙ্গে ক্যাম্পাসে জরুরি চিকিৎসাসেবা দ্রুত পৌঁছানোর ব্যবস্থার জোর দাবি জানাই।”

নতুন বছরের এই যাত্রা হবে অতীতের গ্লানি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও নিরাপদ ও মানবিক করে তোলার অঙ্গীকার। যাঁরা চলে গেছেন, তাঁদের আর ফিরিয়ে আনা যাবে না এটা মেনে নিয়েই তাঁদের স্মৃতির প্রতি অর্থবহ শ্রদ্ধা জানাতে এই ক্যাম্পাসকে এমন একটি নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলা আবশ্যক, যেখানে প্রতিটি শিক্ষক নির্বিঘ্নে পাঠদান করবেন এবং প্রতিটি শিক্ষার্থী নিরাপত্তা ও আনন্দের সাথে তাদের সোনালি দিনগুলো উপভোগ করবে।

Share Now