অপরাজিত অ্যাটলেটিকোকে থামিয়ে দিল রিয়াল

আপডেট: December 13, 2020 |
print news

মাদ্রিদ ডার্বিতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ২-০ গোলে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ১০ ম্যাচে অপরাজিত থাকা অ্যাটলেটিকো প্রথম হারের স্বাদ নিল।

ঘরের মাঠে দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটের মাথায়ই লিড নেয় রিয়াল। এ সময় কর্নার পায় জিনেদিন জিদানের শিষ্যরা। কর্নার থেকে উড়ে আসা বলে আনমার্ক কাসেমিরো হেড দিয়ে জালে পাঠান। এটা ছিল লা লিগার চলতি মৌসুমে ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল।

এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ১১তম ম্যাচে এসে প্রথম পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। অবশ্য সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। এরপর হজম করে আরও একটি গোল।

বিরতির পর (৬৩ মিনিটে) দানি কারবাহাল দর্শনীয় এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। যদিও গোলটি তার নামে লেখা হয়নি। এ সময় বক্সের বাইরে থেকে কারবাহালের নেওয়া বুলেট গতির শট অ্যাটলেটিকোর গোলরক্ষক জন ওব্লাকের হাত ছুঁয়ে পোস্টে লেগে জালে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদকে সুবিধা করতে দেয়নি চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে অ্যাটলেটিকো গোলমুখে কোনও শটই নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটে একটি সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি তারা। সাউল নিগুয়েজের নেওয়া শট ধরে ফেলেন রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া।

তবে রিয়ালের কাছে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে অ্যাটলেটিকো। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। অন্যদিকে ১২ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর