ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: তথ্যমন্ত্রী

আপডেট: December 15, 2020 |
print news

কিছু ধর্মভিত্তিক সংগঠন বিরোধিতা করলেও ঢাকার ধোলাইপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সচিবালয়ে মঙ্গলবার ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মিত হচ্ছে এবং হবেই।” রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসাদুজ্জামান খাঁন কামাল ইতোমধ্যে ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসেছেন জানিয়ে হাছান বলেন, সরকার ‘যে কারো সাথে’ আলোচনায় বসতে পারে। “যারা নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ অগাস্ট কেক কাটে, তাদের সাথেও সরকার বসেছে, শেখ হাসিনা বসেছেন। যারা সরকারকে প্রতিদিন টেনে নামিয়ে ফেলার হুমকি দেয়, প্রেসক্লাবের সামনে, নয়াপল্টনে তাদের কার্যালয়ে, তাদের সাথেও আমরা বসেছি। যারা ভাস্কার্য ইস্যুতে বিরূপ মন্তব্য করছেন, তাদের সাথে সরকার বসতেই পারে। “কিন্তু তার মানে এই নয় যে… এই দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের অংশ হচ্ছে ভাস্কর্য। পৃথিবীর সব দেশে ভাস্কর্য আছে। সৌদি আরব থেকে শুরু করে, সৌদি আরবের বাদশার ভাস্কর্য আছে। সৌদি আরবে ভাস্কর্যের মিউজিয়াম আছে। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে কায়েদে আজম জিন্নাহর ভাস্কর্য আছে। “বিপ্লবের মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ইরানে, সেখানে ইরানি বিপ্লবের নেতা আয়াতুল্লা খোমেনির ভাস্কর্য আছে। সুতরাং এখানে ভাস্কর্য যুগ যুগ ধরে, শত শত বছর ধরে ছিল, আছে এবং থাকবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হবেই।” সরকার বিভিন্ন মতের মানুষের সঙ্গে ‘বসতেই পারে’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “বিভিন্ন মত-পথের সাথে বসা মানে এই নয় যে আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হয়েছি। আমাদের অবস্থান যেখানে ছিলে সেখানেই আছে, থাকবে এবং সমস্ত মৌলবাদী অপশক্তি, যারা এই দেশটাকে পিছিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তির যে ঐক্য-সংহতি, সেটি নিয়ে দেশ এগিয়ে যাবে।” মুজিববর্ষে ঢাকার ধোলাইড়পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা শুরু করেন কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের জোট হেফাজতে ইসলামের নেতারা। হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক ভাস্কর্য তৈরি করা হলে তা ‘বুড়িগঙ্গায় ফেলার’ হুমকি দেন। এরপর চট্টগ্রামে এক ধর্মীয় সভায় হেফাজত আমির জুনাইদ বাবুনগরী যে কারও ভাস্কর্য তৈরি করা হলে ‘টেনেহিঁচড়ে’ ভেঙে ফেলার হুমকি দেন।

Share Now

এই বিভাগের আরও খবর