পিএসজির জয়ে ফেরার দিন জোড়া গোল এমবাপের

আপডেট: February 28, 2021 |
print news

এক ম্যাচ পর লিগ ওয়ানে জয়ে ফিরেছে পিএসজি। দিজোঁকে ৪-০ গোলে উড়িয়ে লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠেছে দলটি।

প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। মোইজে কিন ও দানিলো পেরেইরা করেন একটি করে গোল।

দুই দলের প্রথম দেখায় গত অক্টোবরে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছিল পিএসজি।

গত রাউন্ডে মোনাকোর বিপক্ষে ২-০ গোলে হারা প্যারিসের দলটি শুরু থেকে দিজোঁকে চেপে ধরে। ষষ্ঠ মিনিটেই মেলে সাফল্য। ডি-বক্সে আবদু দিয়ালোর পাসে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন।

৩২তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন এমবাপে। রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বিশ্বকাপ জয়ী ফরাসি ফুটবলার।

৮২তম মিনিটে দানিলোর গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় সফরকারীরা। ড্রাক্সলারের কর্নারে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

২৭ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৫৭। ২৬ ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিল। ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লিঁও।
৫২ পয়েন্ট নিয়ে চারে মোনাকো।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now