জয় হবেই: দৃঢ় প্রত্যয় মমতার

আপডেট: March 15, 2021 |
print news

আসন্ন বিধানসভা নির্বাচনে আবারো জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

হুইলচেয়ারে বসেই হাজরায় সমাবেশে মমতা বলেন, যেকোন মূল্যে বাংলা দখলের চেষ্টা নস্যাৎ করা হবে। অন্যদিকে, নন্দীগ্রামে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

চিকিৎসকরা বলেছিলেন অন্তত দুদিন বিশ্রাম নিতে। কিন্তু নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার করে একদিন আগেই নির্বাচনি মাঠে মমতা বন্দোপাধ্যায়। হুইল চেয়ার বসেই নেতৃত্ব দিলেন তৃণমূলের মিছিলে। সোমবার দুর্গাপুর দিয়ে শুরু হবে তার জেলা সফর।

ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে রবিবার দুপুরে শুরু হয় তৃণমূলের মিছিল। শেষ হয় হাজরায়। হাসপাতাল থেকে ফেরার পর প্রথমবার নির্বাচনি প্রচারের মাঠে দেখা গেল তাকে। সমাবেশে বক্তব্যে, তার ওপর ভরসা রাখতে আবারো ভোটারদের প্রতি আহ্বান জানান মমতা।

অন্যদিকে, শহীদ দিবসে নন্দীগ্রামে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করলেন। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম প্রধান নেতা শুভেন্দু বলেন, যারা কৃষকদের ওপর গুলি চালিয়েছিল, তাদেরই পদোন্নতি দিয়েছেন মমতা।

এদিকে, তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় ৩ সংসদ সদস্য ও ১ কেন্দ্রীয় মন্ত্রীকে রেখে চমক দেখিয়েছে দলটি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে, চুঁচুঁড়ায় লকেট বন্দোপাধ্যায় এবং নিশীথ প্রামাণিক লড়বেন দিনহাটায়।

একইসঙ্গে তৃণমূল থেকে আসা রাজীব বন্দোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও প্রবীর ঘোষালও তালিকায় জায়গা পেয়েছেন। আর টালিউড থেকে বিজেপিতে যোগ দেয়া একঝাঁক তারকার মধ্যে যশ দাশগুপ্ত প্রার্থী হচ্ছেন চণ্ডীতলায়, অঞ্জনা বসু সোনারপুর দক্ষিণে এবং অভিনেত্রী পায়েল সরকার প্রার্থী হচ্ছেন বেহালা পূর্বে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর