আগামী ৩ দিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে

আপডেট: April 12, 2021 |
print news

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ১ মিলিমিটার, রাজশাহীতে ৭ মিলিমিটার এবং সিরাজগঞ্জের তাড়াশে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তবে আগামী তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ সোমবার (১২ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ ছাড়া রয়েছে কালবৈশাখীর আভাসও। আর দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহও।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাঙামাটি, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now