ফিঞ্চের চোট, অজিদের নেতৃত্বে অ্যালেক্স ক্যারি

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। তাই অ্যালেক্স ক্যারির হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এরআগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন ফিঞ্চ।
সেদিনই বলা হয়েছিল এই ব্যথা তাকে ওয়ানডে সিরিজেও ভুগাতে পারে। ওয়ানডে সিরিজ শুরুই আগে জানা গেল প্রথম ম্যাচটিতে তার না খেলা নিশ্চিত। তার চোট সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে; পরের ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা সেটা ম্যাচের আগেই বোঝা যাবে।
ফিঞ্চ ছিটকে যাওয়ায় অজিদের নেতৃত্ব দিবেন ক্যারি। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। তবে অধিনায়কত্বের অভিজ্ঞতা তার আছে। অস্ট্রেলিয়া ‘এ’ দল, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও সাউথ অস্ট্রেলিয়ান রেডব্যাকসকে তিনি অধিনায়কত্ব করেছেন।
প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পরে ক্যারি বলেন, ‘অ্যারনের বদলে দলে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া একটি বড় পাওয়া, খুবই খুশি হয়েছি আমি।
ফিঞ্চিই আমাদের অধিনায়ক এবং সে সুস্থ হয়ে যখন ফিরবে আমরা তাকে দুহাতে স্বাগতম জানাব। আশা করছি, তার মতোই অধিনায়কত্বের উচ্চমান বজায় রাখতে পারব। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ অনেক চ্যালেঞ্জিং এবং আমি সেটি মোকাবেলা করতে মুখিয়ে আছি।’
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার। এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২৩ ও ২৫ জুলাই।




