‘রাধিকা’র সফর শেষে নিজেকে বদলেই ফেললেন স্বস্তিকা!

আপডেট: July 24, 2021 |
print news

এক রাশ মন খারাপ সঙ্গে নিয়ে আজ শেষবারের মতো রাধিকা-র সাজে নিজেকে সাজিয়ে তুললেন স্বস্তিকা দত্ত। শুক্রবার শেষবারের মতো ‘কি করে বলব তোমায়’-এর সেটে জ্বলল আলো। এদিন শ্যুটিং পর্ব শেষ হল জি বাংলার এই ধারাবাহিকের, যদিও আগামী কয়েকদিন রাত সাড়ে দশটায় টিভির পর্দায় ‘রাধিকা-কর্ণ’র প্রেমের সফর জারি থাকবে। আগামী ৬ই অগস্ট সিরিয়ালের শেষ সম্প্রচার।

শ্যুটিং শেষ হওয়ার আগেই নিজেকে পালটে ফেলেছেন অভিনেত্রী। দু-দিন আগেই নতুন মেক-ওভার, চুল ছোট করে ছেঁটে নতুন করে নিজেকে মেলে ধরলেন ফ্যানেদের সামনে। প্রথমে শোনা গিয়েছিল ‘কি করে বলব তোমায়’-এর নতুন সিজন আসবে। কর্ণ-রাধিকার মেয়েকে নিয়ে এগোবে সিরিয়ালের নতুন অধ্যায়ের গল্প, সেখানে মুখ্য চরিত্রে থাকবেন স্বস্তিকাই। তবে তেমনটা আর ঘটছে না।

সে কথা দু-দিন আগে জানিয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলা। এই সফর শেষ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে পর্দার রাধিকা বলেন, ‘দীর্ঘ দিনের পথ চলা শেষ। মনখারাপ তো হবেই’। এরপর কী করবেন স্বস্তিকা? অভিনেত্রীর কথায়, ‘এবার আমার ভ্যাকেশন… এই মুহূর্তে নতুন কিছু করছি না’। বিজয়িনী’র পর সেভাবে গ্যাপ নেননি স্বস্তিকা, রাধিকা হয়ে ফিরেছিলেন ছোটপর্দায়। তাই এবার একটু লম্বা বিরতির প্ল্যানিং রয়েছে তবে ভালো অফার পেলে অবশ্যই ভেবে দেখবেন। টেলিভিশন ছেড়ে তিনি কোথাউ যাচ্ছেন না, তবে টিভির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে ইচ্ছুক অভিনেত্রী।

রাধিকার সফর শেষের দিন ইনস্টাগ্রামে মন খারাপের কথা লিখলেন স্বস্তিকা। এদিন একটি ইংরাজি উদ্ধৃতি ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেন অভিনেত্রী। যার বাংলা তর্জমা করলে খানিকটা দাঁড়ায়, ‘সবচেয়ে উজ্জ্বল মনেরও কখনও কখনও নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়, সবচেয়ে দয়ালু মনের মানুষেরও ক্ষোভ-রাগ জন্মায়।মাঝেমধ্যে খুব শক্ত মনের মানুষেরও একটা আলিঙ্গনের দরকার পড়ে’।

১ বছর ৮ মাসের লম্বা সফর শেষে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।এতদিন সিরিয়ালের কলাকুশলীদের সঙ্গে কাজ করতে করতে একটা বৃহত্তর পরিবারের অংশ হয়ে পড়েছেন স্বস্তিকা। সিরিয়াল শেষ হলেও ‘কি করে বলব তোমায়’-এর শেষ পর্বে থাকছে চমক। এখানে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে স্বস্তিকা। বিষণ্নতা নিয়েই হ্যাপি এন্ডিং-এর অপেক্ষায় অনুরাগীরা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now