ভারতে ফের বেড়েছে সংক্রমণ, প্রাণহানি সাড়ে ৪ শতাধিক

আপডেট: August 6, 2021 |
print news

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। তবে আগের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ।

আজ (শুক্রবার) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বেড়েছে প্রায় ২ হাজার।

সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৭৫৭ জনে।

অন্যদিকে সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু গত দু’দিনের থেকে কমে ৫০০-র নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৬৮ জন।

মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৬ হাজার ৭৫৪ জন।

ভারতে ভাইরাসে সংক্রমণের শীর্ষে রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা। গত কয়েকদিন ধরেই দেশটির দৈনিক আক্রান্তের অর্ধেকেই শনাক্ত হচ্ছে এই রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪০ জন।

মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২৬ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৩ হাজার বেশি।

এছাড়া অন্ধ্রপ্রদেশে ২ হাজার ১৪৫ জন, তামিলনাড়ুতে ১ হাজার ৯৯৭ জন, কর্নাটকে ১ হাজার ৭৮৫ জন, উড়িষ্যায় ১ হাজার ৩৪২ জন এবং আসামে ১ হাজার ৬৭ জন নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের কম।

তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের দৈনিক সংক্রমণ নতুন করে চিন্তা বাড়াচ্ছে। মিজোরামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২৫ জন, মণিপুরে ৭৫৭, মেঘালয়ে ৫৭৬, অরুণাচল প্রদেশে ২৩৮ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now