আফগানিস্তানের জন্য নতুন করে বরাদ্দ ৪৪ কোটি ডলারসহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব ধরনের সম্পদে আফগানদের প্রবেশাধিকার সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।
তালেবান কাবুল দখলের পর দেশটির সরকার নিয়ে ‘স্বচ্ছতার অভাব’ থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএমএফ।
রয়টার্সের খবর অনুসারে, মার্কিন রাজস্ব বিভাগের চাপেই আফগানিস্তানের জন্য বরাদ্দ অর্থ আটকানোর ঘোষণা দিয়েছে আইএমএফ। তহবিলের একটি অংশ নিয়ন্ত্রণ করে থাকে যুক্তরাষ্ট্র।
তারা চায়, আইএমএফের ‘স্পেশাল ড্রয়িং রাইটস’ বা এসডিএফ বরাদ্দের অর্থ যেন তালেবানের হাতে না পড়ে। আগামী সোমবার এ অর্থ ছাড় হওয়ার কথা ছিল।
বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে আফগানিস্তান সরকারের স্বীকৃতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে স্পষ্টতার অভাব রয়েছে, যার ফলে এসডিআর বা আইএমএফের অন্য সম্পদগুলোতে দেশটির প্রবেশাধিকার থাকতে পারে না।
এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে সংস্থাটি বলছে, বরাবরের মতোই আইএমএফ আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতে পরিচালিত হয়েছে।
এর আগে, আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সাড়ে ৯শ কোটি ডলারের সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার জানিয়েছেন, মার্কিন রাজস্ব দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় এখনো নাম রয়েছে তালেবানের। এ কারণে তারা আফগানিস্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ বা সম্পত্তির নাগাল পাবে না।
দেশটিতে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলারের সম্পদ রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ রয়েছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/