স্বাভাবিক জীবনে ফিরছেন কাবুলের বাসিন্দারা

সতর্কতার সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে আফগানিস্তানের রাজধানী কাবুলের বাসিন্দারা।
বিবিসি জানিয়েছে, বুধবার আগের দিনের চেয়ে অধিক সংখ্যক রেস্টুরেন্ট ও দোকানপাট খোলা ছিল। স্বাভাবিক সময়ের মতো না হলেও রাস্তায় লোকজনের উপস্থিতি ও যান চলাচল বেড়েছে।
রাস্তায় সাধারণভাবে মানুষজনের উপস্থিতি বাড়লেও নারীদের সংখ্যা তুলনামূলক কম। কাবুল থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, তিনি বাইরে যেসব নারীদের দেখেছেন তারা যে সবাই বোরকা পরিহিত ছিলেন, এমন নয়। তবে আগামী দিন ও মাসগুলোয় তালেবান নারীদের ওপর তাদের আরও কঠোর বিধিনিষেধ আরোপ করবে, এমন জোরালো আশঙ্কা রয়েছে।
ভারী অস্ত্র নিয়ে শহরে টহল দিচ্ছে তালেবান যোদ্ধারা। এ জন্য পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করছে তারা। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, লুটপাট ও অস্থিরতা ঠেকাতে তথা নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ টহল চালানো হচ্ছে।
হেরাতে তালেবান শাসনের তৃতীয় দিনে স্কুলে ফিরতে শুরু করেছে কোমলমতি শিক্ষার্থীরা। তবে ছাত্রীদের অনেকেই হিজাব পরে ক্লাসে যোগ দিয়েছে। দেশজুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, তা উপেক্ষা করেই আবারও পড়াশোনায় মনোযোগী হচ্ছে তারা।




