যুক্তরাষ্ট্রের শতকোটি ডলারের অস্ত্র-সরঞ্জাম তালেবানের হাতে

আপডেট: August 21, 2021 |
print news

আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের পর আফগান সরকারের দ্রুত পতন ঘটে। পরাজয় মেনে নেয় আফগানিস্তানের সেনাবাহিনী।

এ জয়ের পথে তালেবানরা শতকোটি ডলারের মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখল করেছে। এসবের মধ্যে রয়েছে ব্ল্যাকহক হেলিকপ্টার থেকে শুরু করে এ-২৯ সুপার টুকানো বিমান।

আফগানিস্তানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তালেবান যোদ্ধাদের হাতে বহুল ব্যবহৃত একে-৪৭ রাইফেলের বদলে যুক্তরাষ্ট্র নির্মিত এম-৪ কারবাইন এবং এম-১৬ রাইফেল দেখা গেছে। এ ছাড়া দেখা গেছে তালেবান যোদ্ধাদের মার্কিন হামভি ও মাইন প্রতিরোধক অ্যাম্বুশ প্রটেক্টেড গাড়ি চালাতে।

যুক্তরাষ্ট্রের দাবি, আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্রসজ্জিত করতে গত ২০ বছরে ৮ হাজার কোটি ডলার খরচ করেছে তারা।

দেশটির গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি কার্যালয়ের ২০১৭ সালের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ৭৫ হাজার ৮৯৮টি গাড়ি; ৫ লাখ ৯৯ হাজার ৬৯০টি অস্ত্র; ১ লাখ ৬২ হাজার ৬৪৩টি যোগাযোগ সরঞ্জাম, ২০৮টি বিমান ও হেলিকপ্টার এবং ১৬ হাজার ১৯১টি গোয়েন্দা ও নজরদারি সরঞ্জাম দিয়েছে। ২০০৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়া হয়।

এ ছাড়া ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানকে ৭ হাজার ৩৫টি মেশিনগান; ৪ হাজার ৭০২টি হামভি গাড়ি; ২০ হাজার ৪০টি হ্যান্ড গ্রেনেড; ২ হাজার ৫২০টি বোমা ও ১ হাজার ৩৯৪টি গ্রেনেড লঞ্চার দিয়েছে ওয়াশিংটন।

আফগানিস্তানকে দেওয়া বিমান ও হেলিকপ্টারের ৪৬টি এখন উজবেকিস্তানে রয়েছে। তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর এসব এয়ারক্র্যাফট ব্যবহার করে আফগানিস্তানের প্রায় ৫০০ সেনা উজবেকিস্তানে পালিয়ে যায়। বাকিগুলো তালেবানের হাতে রয়েছে। খবর পার্স টুডে

বৈশাখী নিউজ/ জেপা

Share Now