পদ্মার ভাঙনে মুন্সীগঞ্জে শতাধিক বসতঘর বিলীন

আপডেট: August 30, 2021 |
print news

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মুলচর গ্রামের রাক্ষুশি পদ্মা নদীর ভাঙনে শতাধিক বসতঘর বিলীন হয়ে গেছে।

গত শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত চোখের পলকে রুমা রানী মন্ডল, চন্দনা ও শুভ ঘোষসহ শতাধিক পরিবারের বসত-ঘর শাখা নদী গর্ভে বিলীন হয়ে যাবার খবর পাওয়া গেছে।

সর্বগ্রাসী পদ্মার তীব্র স্রোতের তোড়ে এ ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হালদার জানান, তীব্র স্রোতের তোড়ে পদ্মা শাখা নদীর তীরে বেশ কয়েকদিন ধরেই অল্প-স্বল্প করে ভাঙন দেখা দেয়। এর মধ্যে শুক্রবার দিবাগত রাত থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত আকস্মিক অন্তত ১০০টি বসত-ঘর নদী গর্ভে চলে যায়। এ অবস্থায় শাখা নদীর তীরের শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে।

এদিকে, ভাঙন কবলিত অন্তর ঘোষ বলেন, ‘কয়েকদিন ভাঙন আতঙ্কে কয়েকটি বসত-ঘর বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু যার কাছে বিক্রি করেছিলাম, তিনিই আর ঘর দু’টি ভেঙে নিতে পারলেন না। গভীর রাতে আকস্মিক ভাঙনে নদী গর্ভে চলে গেলো ঘরগুলো।’

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, ভাঙনের শিকার পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের খাদ্য সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে, ভাঙন রোধে তারা পদক্ষেপ নিবেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now