শক্তিশালী ফ্রান্সের সাথে বসনিয়া হার্জেগোভিনার ড্র

বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে জিততে দেয়নি বসনিয়া হার্জেগোভিনা। ‘ডি’ গ্রুপের চতুর্থ ম্যাচে তারা ১-১ গোলে রুখে দিয়েছে ১০ জনের ফ্রান্সকে।
অবশ্য ড্র করলেও ৪ ম্যাচ থেকে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনের চেয়ে তারা এগিয়ে আছে ৪ পয়েন্টে।
ঘরের মাঠে স্ট্রসবার্গে ম্যাচের ৩৬ মিনিটে পিছিয়ে পড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর ৩৯ মিনিটে ফেরায় সমতা। ৫১ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের জুলেস কৌন্দে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর বাকি সময় দশজন নিয়ে খেলতে হয় ফ্রান্সকে। অবশ্য দশজন নিয়ে খেলেও আর কোনো গোল হজম করেনি তারা। গোল দিতেও পারেনি।
তাতে ৩৯ মিনিটে হেডে আঁতোয়ান গ্রিজমানের করা গোলে হার এড়ায় দিদিয়ের দেশমের শিষ্যরা। অন্যদিকে ৩৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে করা ইডেন জোকোর গোলে বাছাইপর্বে চতুর্থ ম্যাচে দ্বিতীয় ড্র করে বসনিয়া। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।
গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে ৮ সেপ্টেম্বর ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স।








