রাজশাহী মেডিকেলে একদিনে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৭ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুই জন, উপসর্গে তিনজন এবং করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন দুজন।
চিকিৎসাধীন বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে রাজশাহী এবং কুষ্টিয়ার একজন করে মোট দুজন মারা গেছেন।
আর করোনা সংক্রমণের উপসর্গে নিয়ে রাজশাহী, নাটোর এবং কুষ্টিয়ার একজন করে মোট তিন জন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহী ও নওগাঁর একজন করে মোট দুজন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।
মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী। তাদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের উপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী তিনজন মারা গেছেন।








