পানশিরের যোদ্ধাদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান তালেবানের

আপডেট: September 2, 2021 |
print news

বিরোধীদের সর্বশেষ শক্ত অবস্থান পানশির উপত্যকার যোদ্ধাদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছে তালেবান। টুইটারে দেওয়া এক অডিও বার্তায় সিনিয়র তালেবান কর্মকর্তা আমির খান মুত্তাকি জানান, আলোচনা ব্যর্থ হয়েছে। যোদ্ধাদের অস্ত্র নামিয়ে রাখায় চাপ প্রয়োগ করতে পানশিরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।

তালেবানদের দাবি, এই উপত্যকার চারপাশ ঘিরে ফেলেছে তারা। বিরোধীদের আলোচনায় আসার আহ্বানও জানিয়েছেন তালেবান কর্মকর্তা আমির খান মুত্তাকি। তিনি বলেন, ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সব নাগরিকের বাসভূমি হবে।’

গত ১৫ অগাস্টে তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের পর পার্বত্যময় পানশির উপত্যকাই একমাত্র প্রদেশ যেটি এখনো দখল করতে পারেনি তালেবান। যদিও পার্শ্ববর্তী বাগলান প্রদেশে তালেবান ও স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াই চলছে।

সোভিয়েতবিরোধী মুজাহিদিন কমান্ডার আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ পানশির উপত্যকায় স্থানীয় মিলিশিয়া ও সেনাবাহিনী এবং বিশেষ বাহিনীর অবশিষ্ট কয়েক হাজার সদস্যের তালেবানবিরোধী বাহিনী গড়ে তুলেছেন।

তালেবান আফগানিস্তান দখলের পর গত দুই দশক ধরে বিদেশি বাহিনীর হয়ে কাজ করা সব আফগানের জন্যই ক্ষমা ঘোষণা করেছে। তার পরও অনেকেই তালেবানের প্রতিশোধ হামলার ভয়ে আছে। দেশ থেকে পালাতে তারা সীমান্তে ভিড় করছে।

তালেবান নেতা মোত্তাকি বলেন, পানশিরে বিরোধী বাহিনীর নেতাদের সঙ্গে তালেবান বহুবার আলোচনা করার অনেক চেষ্টা করেছে, ‘কিন্তু দুঃখজনক যে, এতে কোনও ফল হয়নি।’

মোত্তাকি জানান, পানশিরের চারদিকে তালেবান যোদ্ধারা প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের যুদ্ধ করার কোনো যুক্তি নেই জানিয়ে তিনি বলেন, তালেবানবিরোধী বাহিনীর এটি মনে রাখা দরকার যে, এমনকী নেটো এবং মার্কিন বাহিনীর সহায়তা নিয়েও তালেবানকে পরাজিত করা সম্ভব হয়নি।

মোত্তাকি আরও বলেন, ‘কিন্তু আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি যাতে কোনও যুদ্ধ না হয় এবং পানশিরের বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধা হয় সেটি নিশ্চিত করার।’

পানশির উপত্যকায় বিরোধী মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে তালেবান বাহিনীর সংঘর্ষে অন্তত ৮ তালেবান নিহত হওয়ার খবর আসার পর তালেবান নেতা মোত্তাকি এসব কথা বললেন।

পানশিরের তালেবানবিরোধী প্রধান মিলিশিয়া গ্রুপ ন্যাশনাল রেজিস্ট্যান্স গ্রুপ (এনআরএফ) এর একজন প্রতিনিধি মঙ্গলবার লড়াইয়ে ৮ তালেবান নিহতের তথ্য জানান।

এনআরএফের এক মুখপাত্র বুধবার বলেছেন, তালেবান যোদ্ধারা দুই দিন আগে হামলা শুরু করেছে। তারা আলাদা আলাদাভাবে তিন কিংবা চারটি এলাকায় হামলা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের পিছু হটিয়ে দেওয়া হয়েছে। হতাহতের ঘটনার ব্যাপারে নতুন কোনো খবর তার কাছে নেই বলে জানান তিনি।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now