রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
এদের মধ্যে করোনায় মারা গেছেন দুজন। এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। এদিন করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে দুজন এবং করোনার উপসর্গে তিনজন মারা গেছেন। এদের মধ্যে দুজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২২। বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২০ জন, নাটোরের ১৩ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার পাঁচজন, চুয়াডাঙ্গার দুজন, জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন।
এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৬ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরো ২১২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৫ দশমিক ৫ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ দশমিক ২০ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/