স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

আপডেট: October 28, 2021 |
print news

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অভি ধর (২৮) নামে এক যুবক। বুধবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন কান্তি বণিক জানান, বাঁশখালী উপজেলার জলদি গ্রামের বাসিন্দা অভি ধর বুধবার রাতে সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রী যূথি ধরকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থেেলই তার মৃত্যু হয়।

এ সময় অভি নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। আহত অভি ধরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, আড়াই বছর আগে অভি ও যূথীর বিয়ে হয়। কিন্তু বনিবনা না হওয়ায় সম্প্রতি যূথী বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেন। বুধবার সন্ধ্যায় অভি শ্বশুরবাড়িতে আসেন। সেখানে দুজনের ঝগড়া হয়। এক পর্যায়ে যূথীকে ছুরিকাঘাত করেন অভি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর অভিকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now