দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

আপডেট: October 28, 2021 |
print news

মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানত শাহ ফেরি দুর্ঘটনার কবলে পড়ার দ্বিতীয় দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সরোজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো কিলোমিটার থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকোর দীর্ঘ সারি রয়েছে। এ ছাড়া প্রায় আড়াই কিলোমিটার অংশজুড়ে যাত্রীবাহী বাসের যানজট রয়েছে।

এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপ কমানোর জন্য দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশ জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি লক্ষ করা গেছে।

কাভার্ড ভ্যানচালক জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘাট এলাকায় সবসময়ই আমাদের দুর্ভোগ বেশি থাকে। গত রাত ৪টার সময় ঘাট এলাকায় এসে এখনো ফেরিতে উঠতে পারি নাই। কখন পারবো তাও জানি না।

শুনলাম ওই পাশের ঘাটে একটি ফেরি উল্টে গেছে। এখন কবে বা কখন যে ফেরিতে উঠত পারবো জানা নাই।’

অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান,পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাট কখন সচল হবে তা ঠিকভাবে বলা যাচ্ছে না। এ কারণে এই পাশে যানবাহনের জট আছে। ঘাট সচল হলে সব কিছু আবার স্বাভাবিক হবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now