গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি নওগাঁয়।
চিকিৎসাধীন শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকন্দ্রে (আইসিইউ) দুজন এবং ২৯-৩০ নম্বর ওয়ার্ডে দুজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৯ জন। বর্তমানে রাজশাহীর ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন, পাবনার চারজন, কুষ্টিয়ার দুজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন একজন।
এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ২৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েনি একটি নমুনাতেও। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে চারজনের নমুনায় করোনা ধরা পড়েছে।
পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার জয়পুরহাটে ৫ দশমিক ৫৬ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৬ দশমিক ৬৭ শতাংশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/