গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ।
আজ শনিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাকিল আহমেদ বলেন, ‘জাতির পিতা এই বাহিনী সৃষ্টি করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীটিকে ত্রিমাত্রিক ও নবজীবন দান করেছেন।
এখন আমরা জলে, স্থলে ও আকাশপথে অপারেশন পরিচালনার সক্ষমতা অর্জন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আধুনিকায়নের মাধ্যমে এই বাহিনীকে যুগোপযোগী করেছেন।’
বিজিবির মহাপরিচালক বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর ৮১৭ জন সদস্য শহীদ হয়েছেন, যার মধ্যে দুজন বীরশ্রেষ্ঠ আছেন। জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি অবদান রেখে যাবে।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/