গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাউল ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে এক চাউল ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার বাড়ির উঠোনে বিদ্যুতের সার্ভিস তারে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহতের নাম-কলিমুদ্দিন বেপারী (৫৮)। গাজীপুর মহানগরীর সদর থানাধীন বালুচাকুলি এলাকার ফজর আলী বেপারীর ছেলে কলিমুদ্দিন জয়দেবপুর মধ্য বাজারে চাউলের ব্যবসা করতেন।
নিহতের বড় ভাই সুলতান উদ্দিন জানান, মঙ্গলবার সকালে বাড়ির উঠোনে বিদ্যুতের সার্ভিস তারে ভেজা কাপড় শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কলিমুদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলিমুদ্দিন বেপারীকে মৃতাবস্থায় আনা হয়। তার দেহে বিদ্যুত ষ্পৃষ্টে মারা যাওয়ার আলামত আছে।

















