এম.এ.জলিল রানা, জয়পুরহাট: জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম। শনিবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ নুর ইসলামসহ অতিরিক্ত জেলা জজ নুরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এবং যুগ্ম জেলা জজ কামরুল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপিসহ অন্যান্য বিচারকগণও উপস্থিত ছিলেন। পরে জেলা দায়রা জজ আদালত ভবনে বিচারকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় জেলা ও দায়রা জজ নুর ইসলাম বলেন,‘ন্যায়কুঞ্জ’ বিচারবিভাগের উন্নয়নের একটি নতুন ও প্রশংসনীয় পদক্ষেপ। ন্যায়কুঞ্জ নির্মাণ হলে বিচারপ্রার্থী মানুষ আদালতে এসে অপেক্ষার সময় বিশ্রামের একটি জায়গা পাবেন ও এই ইতিবাচক উন্নয়ন জনসাধারণের কাছে আদালতের প্রতি আস্থার জায়গাটি আরও মজবুত ও সুদৃঢ় করবে।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন,দেশের আদালতসমূহে মামলা-পরিচালনার জন্য বা সাক্ষী দিতে আসা জনগণ আদালত চত্বরে এসে একটু বসার বা বিশ্রাম নেবার বা অতিপ্রয়োজনীয় স্যানিটেশন সুবিধাটুকুও দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না। ন্যায়কুঞ্জ বিচারপ্রার্থী জনগণের দীর্ঘদিনের সেই দুর্দশার লাঘব করার উদ্দেশ্য নিয়েই নির্মাণ করা হচ্ছে। সারাদেশের সকল জেলার ধারাবাহিকতায় জয়পুরহাটেও ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।
তিনি বলেন,ন্যায়কুঞ্জ,ন্যায়সন্ধানী মানুষের আদালত প্রাঙ্গণে ক্ষণিক স্বস্তির জন্য নির্মিত এক অবিকল্প আশ্রয়। আশা করি,এ আয়োজন উপলক্ষে, বিশেষ করে জয়পুরহাটের আইন-আদালতে জনসেবার নতুন এক আশাবাদের দিগন্ত সকলেই দেখতে পাবে আর সেই সাথে এই উদ্বোধন অনুষ্ঠানটি জয়পুরহাট জেলার বিচারকগণ,আইনজীবীগণ ও ন্যায়বিচার প্রার্থীদের জন্য একটি বিশেষ দিন।আজ থেকে এই আদালতে আগত বিচার প্রত্যাশী জনগণ তাদের শ্রান্তি ও ক্লান্তি জুড়ানোর একটা ঠিকানার খোঁজ পেলেন।এই আশ্রয় ও ঠিকানা তাদের দেহ-মনে এক অপার আনন্দ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। শেষে বিজ্ঞ বিচারকদের সাথে মামলা নিষ্পত্তির বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/