আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই সাথে এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে গাড়ি চলাচলও সীমিত রয়েছে।
শুক্রবার রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী ও আমিনবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, টেকনিক্যাল, মাজার রোড বা গাবতলীতে সেভাবে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি না হলেও আমিনবাজারে রাজধানীগামী বাসে কঠোর তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। রাস্তায় বেরিকেড দিয়ে প্রত্যেক গাড়িতে ঢুকে তল্লাশি করে ছাড়া হচ্ছে।
আমিনবাজারে জেলা পুলিশের পাশাপাশি জেলা ডিবি পুলিশও কঠোর নজরদারিতে দায়িত্ব পালন করছে। এ ছাড়া, আমিনবাজার ব্রিজ পার হয়ে গাবতলীতে ঢোকার মুখেই পুলিশের নজরদারি থাকলেও তল্লাশি করা হচ্ছে না।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এখানে সবসময় তল্লাশি চালানো হয়। ঢাকায় দুই দলের কর্মসূচি থাকায় কেউ যেন কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে এ কারণে তল্লাশি জোরদার করা হয়েছে।
আমিনবাজার ও আশুলিয়া এ দুই জায়গায় তল্লাশি চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত চেকপোস্ট থেকে কাউকে আটক করা হয়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/