চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২১৩ এবং কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন।
এর মধ্যে ছাত্রদের মধ্যে পেয়েছেন ৮৪ হাজার ৯৬৪ জন ও ছাত্রীদের মধ্যে ৯৮ হাজার ৬১৪ জন জিপিএ-৫ পেয়েছে।
গত বছর ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। গত বছরের চেয়ে এ বছর ৮৬ হাজার ২৪ জন কম জিপিএ-৫ পেয়েছেন।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সারেন। পরে বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এই হিসাবে এবার পাসের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ পয়েন্ট।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।
কোন বিভাগে জিপিএ-৫ কত?
প্রাপ্ত ফলাফলে ঢাকা বোর্ডে ১১ দশমিক ১২ শতাংশ, রাজশাহীতে ১৩ দশমিক ২০ শতাংশ, কুমিল্লায় ৬ দশমিক ৩৬ শতাংশ, যশোরে ১৩ দশমিক ২৪ শতাংশ, চট্রগ্রামে ৭ দশমিক ৪৬ শতাংশ, বরিশালে ৭ শতাংশ, সিলেটে ৪ দশমিক ৯৮ শতাংশ, দিনাজপুরে ৮ দশমিক ৭৩ শতাংশ, ময়মনসিংহে ১০ দশমিক ৭২ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ২ দশমিক ১৮ শতাংশ, কারিগরিতে ১৪ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। সর্বমোট ১১টি বোর্ডে ৮ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/