এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মনোয়ারের বহিষ্কার প্রত্যাহার ও শিক্ষার্থী বহিষ্কারের সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংহতি সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একটি অংশ।
রোববার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহর সঞ্চালনায় এই সংহতি সমাবেশ করেন তারা।
সংহতি সমাবেশে কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ বলেন, কিছুদিন আগে আমাদের এক ভাইকে কোনো ধরনের নিয়ম না মেনে নিয়মবহির্ভূত ভাবে বহিষ্কার করা হয়েছে।
এমন বিষয়গুলো মানা যায় না৷ এর আগেও কুবি প্রশাসন এক হঠকারী সিদ্ধান্তে দুই-তিন মাস আগের ঘটনায় একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ প্রচার করায় সংবাদকর্মীকে বিনা নোটিশে বহিষ্কার করেছে৷ একজন হত্যামামলার আসামী আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলে, সে কেন পাবে না?
তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের জন্য৷ এখানেই যদি তাদের অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে তার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।
এমন নিয়মবহির্ভূত বহিষ্কারকে তারা যে বৈধতা দিয়ে ফেলছে এতে ভবিষ্যতে বিনা নোটিশেও বহিষ্কার দিয়ে দিবে, আমরা কিছু জানতেও পারবো না।
নবাব ফয়জুন্নেসা হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান জেরিন বলেন, আমরা যারা শিক্ষার্থী বা আমাদের সহপাঠীদের কোন নিয়মের মধ্য দিয়ে চললে বা লঙ্ঘন করলে বহিষ্কারের মতো কঠিন আদেশ দেওয়া হবে সেই নীতিমালা হোক আমরা চাই।
দেখা গেল বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করায় ইকবালকে বহিষ্কার করা হলো, আবার এই বহিষ্কারাদেশের নিউজও বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছে বরং আপনার কোনো কথায় বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হয়েছে তাহলে আপনার সেই কথাটা বর্জন করেন।
তিনি আরো বলেন, আমরা আজ দুইটা দাবি জানাবো৷ এক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে৷ নাহলে এখানে সংহতি সমাবেশে অংশ নেওয়া সবাইকে বহিষ্কার করে দেন।
দ্বিতীয়ত কীধরনের নিয়ম লঙ্ঘন করলে বহিষ্কারাদেশ দেওয়া হবে সেই নীতিমালা প্রণয়ন করুন। আমার কোনো শিক্ষকের সাথে সমস্যার কারনে আমাকে বহিষ্কার করলে সেটা হয় না৷ যখন তখন আমরা বহিষ্কার হতে চাই না। প্রশাসনের হাতে আমরা জিম্মি থাকতে চাই না।
সংহতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ আবির রায়হান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শরীফ উদ্দিন, শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবিনা ঐশীসহ বিভিন্ন হলের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই সময় তারা শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্বের বন্ধন অক্ষুণ্ণ আছে বোঝাতে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গোলাপ বিতরন করেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের বক্তব্য বিকৃত করে প্রচারের দাবি করে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি নামক সাংবাদিকদের সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল মনোয়ারকে সাময়িক বহিস্কার করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/