পিরোজপুর প্রতিনিধি: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে তার বড় ছেলে রফিক বিন সাঈদীর কবরের পাশে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে পিরোজপুর পৌরসভার মাছিমপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সকাল ১০টায় দেলাওয়ার হোসেন সাঈদীর মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছায়। তবে তার ছেলে শামীম সাঈদী পিরোজপুরে পৌঁছাতে না পারায় জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের দাবির মুখে জানাজা দেরিতে শুরু হয়।
সাঈদী ফাউন্ডেশন মাঠ পূর্ণ হয়ে পাশের এক থেকে দেড় কিলোমিটার সড়কে মুসল্লিরা অবস্থান নেন।
মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন জামায়াতের নেতাকর্মীসহ উপস্থিত তার অসংখ্য ভক্ত অনুসারী সাধারন মানুষ।
পিরোজপুরে সাঈদীর জানাযায় নিজ জন্মস্থান ইন্দুরকানী উপজেলা থেকে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।
গতকাল সোমবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ জন্মস্থান পিরোজপুরের ইন্দুরকানিতে শোকে কাতর হয়ে পড়ে জামায়াত শিবিরের নেতা কর্মী সহ তার অসংখ্য ভক্ত অনুরাগী।
সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এর আগে রোববার রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে আনা হয়েছিল দেলাওয়ার হোসাইন সাইদীকে।
তার আগে বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
সাঈদীর বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবরে খুলনার বসুপাড়ায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি সোমবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বৈঠকে বসে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে।
বৈঠকে তার মরদেহ মাদ্রাসায় আনা এবং অসিয়ত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয়ে আলোচনা করেন।
জীবদ্দশায় সাঈদীর করে যাওয়া অসিয়ত অনুযায়ী মরদেহ দাফনের জন্য ঐ মাদ্রাসায় নির্ধারিত ছিল।
তবে গতকাল রাতে পরিবারের সদস্যদের সিদ্ধান্তে নিজ জেলা পিরোজপুরে তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনে বড় ছেলে রফিক বিন সাঈদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
দেলাওয়ার হোসেন সাঈদী ১৯৪০ সালের দুই ফেব্রুয়ারি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ৩ নং বালিপারা ইউনিয়নের সাউদখালি গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর- ১ আসন থেকে জামায়াত থেকে দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার হন দেলাওয়ার হোসেন সাঈদী। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/