আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতির নামে মানুষ পোড়ানো পৃথিবীর কোথাও হয়নি।
জীবন্ত মানুষ পোড়ানো দুই যুগেও কোথাও হয়নি। পৃথিবীর অন্য কোথাও হলে সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হতো।
আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে। বিদেশীদের কাছে ধরনা দেওয়া হয়েছে। ধরনা দিয়ে বাংলাদেশকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই চাপও এখন ডিফিউজ হয়ে গেছে।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। এক্ষেত্রে দেশের মানুষ যেমন ভূমিকা রাখছে তেমনি পুলিশও ভূমিকা রাখছে।
অদম্য গতিতে দেশ এগিয়ে চলেছে জানিয়ে ড. হাছান মাহমুদ আরও বলেন, বাংলাদেশ সমস্ত সূচক বহু আগেই অতিক্রম করেছে।
বঙ্গবন্ধুর মেয়ের স্বার্থকতা সেখানে যে, পাকিস্তান আমাদের দেখে দীর্ঘশ্বাস ফেলে। যে বাংলাদেশ তাদের চেয়ে পেছনে ছিল সেই দেশ আজ এগিয়ে গেছে।
তিনি বলেন, জঙ্গি আমরা নির্মূল করতে পারিনি কিন্তু দমন করতে পেরেছি। এটা পুলিশের অবদান। ২০১৩-১৪ সালে যেভাবে তারা, অবদান রেখেছে এখনও সেভাবে কাজ করে যাবে।
পুলিশ বাহিনীকে একই সংকল্প নিয়ে কাজ করার জন্য বলব।
মন্ত্রী জানান, দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। জিডিপি বেড়েছে। সবদিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অতিরিক্ত আইজি মো. কামরুল ইসলাম, এসবির প্রধান মো. মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।
অনুষ্ঠানটিতে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/