চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের ফের সংঘর্ষ

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই উপ-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহ আমানত ও শাহজালাল হলের সামনে পূর্বশত্রুতার জের ধরে এ সংর্ঘষের সূত্রপাত হয়।
এতে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালীন অনেকের হাতে রামদা এবং কিরিছ দেখা গেছে।
বিবাদমান পক্ষ দুটি হলো সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)। এদের মধ্যে সিক্সটি নাইন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং (সিএফসি) শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
সিএফসির নেতা সাদাফ খান বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী এর আগে আমাদের উপ-দপ্তর সম্পাদক রমযানকে কুপিয়ে জখম করে।
আজকেও সে নেশা করে হলের সামনে উশৃংখল আচরণ শুরু করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়।
সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, শুনেছি র্যাগ ডে নিয়ে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি আমরা দেখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সমাধানের চেষ্টা চলছে। আমরা সতর্ক আছি।





