জেলা প্রতিনিধি, ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ভাতা দেওয়ার প্রলোভনে টাকা আদায় করে প্রতারণার অভিযোগে মোহাম্মদ ইয়াসিন (৪২) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে পুলিশে সোপর্দ করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ইয়াসিন মধ্যম মাথিয়ারা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছেন।
ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন ঢাকা পোস্টকে জানান, প্রতারণার শিকার কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে রোববার (২২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তাকে নিয়ে বৈঠক করা হয়েছে।
সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় ইয়াসিনকে ফেনী মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
পরে এ ঘটনায় ভুক্তভোগী আলেয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী আলেয়া বেগম জানান, ইয়াসিন গত দুই বছর আগে তার ২ বোন ও তাকে গর্ভবতী ভাতার কার্ড করে দিবে বলে ১৫ হাজার টাকা নেন। কিন্তু সে কার্ড করে দেয়নি। টাকাও ফেরত দেয়নি।
আকলিমা আক্তার নামে আরেক ভুক্তভোগী জানান, তাকে গর্ভবতী ভাতার কার্ড দিবে বলে দুই বছর আগে ৪ হাজার টাকা নেন ইয়াসিন।
এতদিন ভাতা না পেয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য ইয়াসিন বলেন, করোনার সময় টাকা-পয়সার অভাবের কারণে আমি কয়েকজনের কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা নিয়েছিলাম। বিভিন্ন সমস্যায় টাকাগুলো আর ফেরত দিতে পারিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/