পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের চুক্তি বাতিল করতে নতুন আইনে স্বাক্ষর করলেন পুতিন

ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের চুক্তি রাশিয়ায় বাতিল করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার একটি আইনে স্বাক্ষর করেছেন।
১৯৯৬ সালের চুক্তিটিতে পারমাণবিক অস্ত্রের লাইভ পরীক্ষাসহ সব ধরনের পারমাণবিক বিস্ফোরণকে অবৈধ ঘোষণা করা হয়। যদিও চুক্তিটি কখনোই কার্যকর হয়নি। কারণ যুক্তরাষ্ট্র, চীনসহ কিছু প্রধান দেশ এতে কখনোই অনুসমর্থন দেয়নি।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে বেপরোয়া পারমাণবিক বাগাড়ম্বর ব্যবহার করার অভিযোগ এনেছে।
পুতিন গত সপ্তাহে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়ার তদারকি করেছেন। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সেই মহড়াকে একটি অজ্ঞাত শত্রুর বিরুদ্ধে ‘বিশাল’ প্রতিশোধমূলক পারমাণবিক হামলার অনুশীলন ছিল বলে জানিয়েছেন।
পুতিনও গত মাসে বলেছিলেন, রাশিয়া লাইভ পারমাণবিক পরীক্ষা চালাবে কি না তিনি তা ‘বলতে প্রস্তুত নন’।
চুক্তিটি প্রত্যাহারের বিলটি রাশিয়ার পার্লামেন্টে একটি ফাস্ট-ট্র্যাক প্রক্রিয়ায় গত মাসে পাস হয়েছিল। সংসদীয় শুনানির সময় ডুমা স্টেটের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোডিন বলেছিলেন, চুক্তিটি প্রত্যাহারের পদক্ষেপ পারমাণবিক অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘নিন্দাবাদ’ ও ‘অভব্য মনোভাব’-এর প্রতিক্রিয়া।
পারমাণবিক শক্তিধর ফ্রান্স, ব্রিটেনসহ ১৭৮টি দেশের অনুসমর্থন থাকা চুক্তিটি কখনোই কার্যকর হয়নি। তবে এর প্রতীকী মূল্য রয়েছে।
এর সমর্থকরা বলছেন, এটি পারমাণবিক অস্ত্রের লাইভ পরীক্ষার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক নিয়ম প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, বড় পারমাণবিক শক্তিগুলোর অনুমোদন ছাড়া চুক্তির সম্ভাবনা অবাস্তব থেকে যায়।
রাশিয়ার পার্লামেন্ট ২০০০ সালের জুনে চুক্তিটি অনুমোদন করে, পুতিন প্রথম প্রেসিডেন্ট হওয়ার ছয় মাস পর।
সূত্র : এএফপি













