ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল ব্রিজের পাশে চিনি বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় যুবদল নেতা মো. রুবেলকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। সে ফেনী পৌরসভার বিরিঞ্চি ওয়ার্ড যুবদলের সভাপতি ও একই এলাকার কমু মিয়ার ছেলে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে অজ্ঞাতনামা ১৫-২০ জন রাস্তায় গাছ ফেলে যানবাহন চলাচলে বাধা দেয়। পরে তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে যানবাহন ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় দুর্বৃত্তরা ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির চিনি বোঝাই ট্রাকে আগুন দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওইদিন ট্রাক মালিক ও ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সি স্বত্বাধিকারী উজ্জল বৈদ্য বাদি হয়ে ফেনী মডেল থানায় ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ঘটনাস্থলের মোবাইল ফ্রিকোয়েন্সি ট্যাগ করে অপরাধীদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রুবেল ট্রাকে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র, হত্যাচেষ্টা, ডাকাতি, চুরিসহ সাতটি মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/