পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করে রাষ্ট্রীয় সম্পদ ও দেশের নিরীহ মানুষের প্রাণহানি করে ক্ষমতায় যেতে চায়।
কিন্তু তারা ভুলে গেছে এভাবে কেউ কখনো ক্ষমতায় যেতে পারে না।
তারা একের পর এক অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করছে। তাই বিএনপির হরতাল ও অবরোধের নামে সব ধরনের অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আর যদি কেউ কোথাও অগ্নিসংযোগ করে তাকে ধরে ওই আগুন দিয়েই তার হাত পুড়িয়ে দেবেন।
বৃহস্পতিবার উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক।
কেউ আওয়ামী লীগ করে নৌকার বিরুদ্ধে কাজ করবেন, এটা ঠিক না। যিনিই নৌকা নিয়ে আসবেন আমি তার পক্ষেই কাজ করব। তাতে আমার কোনো আপত্তি থাকবে না।
তাই আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই সবাই কাজ করবেন। তাই নির্বাচনের দিন সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে মন্ত্রী উপজেলা সদর হতে সাতকাছিমা পর্যন্ত কালিগঙ্গা নদীর ভাঙন রোধে তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/