জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঠাকুরগাঁও-৩ আসনে (রাণীশংকৈল - পীরগঞ্জ) আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন প্রার্থী।
শনিবার সকাল ১০ টা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থীগণ।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন , ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক,রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম,পীরগঞ্জ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, রাণীশংকৈল উপজেলা আ.লীগ যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও রাণীশংকৈল উপজেলা আ.লীগ উপদেষ্টা রবিউল ইসলাম রবি।
পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং রাণীশংকৈল উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ সর্বমোট ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত ঠাকুরগাঁও -৩ সংসদীয় আসন।
দীর্ঘ ২৪ বছর এই আসনটিতে আওয়ামীলীগের দলীয় কোন প্রার্থী দেয়নি দলটি।
ফলে শরিক দলকে আসনটি ছেড়ে দেয়া হয়। আসনটির উন্নয়নের প্রসার ঘটাতে শরিক দল বাদে দলীয় প্রার্থী চায় মনোনয়ন প্রত্যাশীরা।
এবিষয়ে মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীর সাথে কথা বললে তারা বলেন, বর্তমানে দেশে যে উন্নয়নের জোয়ার বইছে তার সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছে এই আসনটি।
দলীয় কোন প্রার্থী না থাকায় তেমন কোন উন্নয়ন ঘটাতে পারেনি শরিক দলের এমপিরা।
আমাদের পার্শ্ববর্তী আসন গুলো লক্ষ্য করে দেখলে বুঝা যায় আমরা উন্নয়নের দিক থেকে কতখানি পিছিয়ে পড়েছি। এই আসন নৌকা মার্কার দূর্গ হিসেবে পরিচিত।
নৌকা আমাদের তবে দুঃখের বিষয় আমরা বৈঠা ধরতে পারিনা।দলীয় মনোনয়ন না পেলেও দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে মাঠে থাকার ঘোষণা দেন মনোনয়ন প্রত্যাশীরা।
কে হবে নৌকার মাঝি,কার হাতে নৌকার মনোনয়ন উঠবে এটা নিয়ে জনমনে প্রশ্ন তুলছে। বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী এমপির সমর্থকরা সোস্যাল মিডিয়ায় নিজেদের নেতার মনোনয়ন পাওয়া শতভাগ নিশ্চিত বলে আলহামদুলিল্লাহ লিখে কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন।
পাশাপাশি একে অন্যকে খোঁচা দিয়ে পোস্ট দিতেও দেখা গেছে। আলহামদুলিল্লাহ এক পক্ষ দিলে আরেক পক্ষে মনোনয়ন আরো নিশ্চিত করে সুবহানাল্লাহও লিখে ফেলছেন অনেকেই ।
অনেক নিরপেক্ষ সাধারণ মানুষ আবার বলছেন অতিরঞ্জিত কোন কিছু সুফল বয়ে আনতে পারে না।
তবে সবকিছু ছাপিয়ে আগামীকাল শনিবার দলীয় প্রধান যার হাতেই মনোনয়ন তুলে দিবেন তিনিই হবেন এই আসনের নৌকার মাঝি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/